তুরস্কে বঙ্গবন্ধুর ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য হবে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করা হবে। গতকাল বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তুর্কি সরকারের এ পরিকল্পনার কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, মূল্যবোধ এবং সংস্কৃতির অনেক মিল রয়েছে। আপনারা জানেন, মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কভিড পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘তুরস্কের টেলিভিশন টিআরটির ইংরেজি চ্যানেলে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার এবং আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের মধ্যে সাংবাদিক প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকা- বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। আঙ্কারায় বঙ্গবন্ধু ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের পাশাপাশি তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুল এবং বাংলাদেশের বাণিজ্যনগরী চট্টগ্রামেও অনুরূপ কিছু করা যায় কি না সেটি নিয়েও আলোচনা হয়েছে।’

তুরস্কের রাষ্ট্রদূত তুরান বলেন, ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব। বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। এ দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করব এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে। শিগগিরই এ কাজ শুরু করা হবে।’

বৈঠককালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্য সচিব খাজা মিয়া উপস্থিত ছিলেন।