ফেইসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্ট

মুক্তি পেয়েছেন ইয়েমেনে জিম্মি ৫ বাংলাদেশি নাবিক

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের হাতে প্রায় প্রায় ৯ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন পাঁচ বাংলাদেশি নাবিক। গতকাল বুধবার এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা অবস্থায় আটক হন তারা। তাদের সঙ্গে ভারত ও মিসরের নাগরিকও রয়েছেন।

গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের ফেইসবুক পেজে লিখেছেন, ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে বন্দি ছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি পাঁচজন নাবিক। সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই একপর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুই মাস আগে।

আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল (আজ) তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’

জানা গেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে প্রায় ৯ মাস ধরে পাঁচ বাংলাদেশিসহ ২০ নাবিক বন্দি রয়েছেন। বন্দিদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক। বাকি দুজন মিসরের। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা আটক হন। এসব নাবিক তিনটি জাহাজে করে ওমান থেকে সৌদি আরব যাচ্ছিলেন।

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক সংকট। ২০১২ সালে গণঅভ্যুত্থানের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির দীর্ঘদিনের একনায়ক আলি আবদুল্লাহ সালেহ। এরপর প্রেসিডেন্টের দায়িত্ব নেন আবদুর রাব্বু মনসুর আল হাদি। কিন্তু সুন্নিপন্থি হাদির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বাহিনী। ২০১৫ সালে হুতিরা রাজধানী সানা দখল করে নিলে প্রেসিডেন্ট হাদি বন্দরনগরী এডেনে পালিয়ে যান। পরে তার সমর্থনে ইয়েমেনে বিমান হামলা শুরু করে মার্কিন সমর্থিত সৌদি সামরিক জোট। টানা ৯ বছর রাজনৈতিক সংকটে ইয়ামেনজুড়ে চরম অরাজকতা বিরাজ করছে।