নেত্রকোনায় মন্দিরে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

নেত্রকোনার পৌর শহরে কালিবাড়ি মন্দিরে দিনে-দুপুরে প্রতিমা থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার এবং চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার সুমন চন্দ্র সরকার ওরফে আরধন (৩২) জেলার আটপাড়া উপজেলার বাউসা কলাপাড়া গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে। তিনি কয়েক দিন আগে জেল থেকে বের হয়ে আবার এ চুরির ঘটনা ঘটায়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপুরের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল।

তিনি বলেন, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের সাতপাই কালিবাড়ি মন্দির থেকে প্রতিমার শরীর থেকে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। পরে মন্দিরের সিসিটিভির ফুটেজে আসামির ছবি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না।

পুলিশের কয়েকটি টিম ফুটেজ, তথ্য প্রযুক্তি ও জেলখানা থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করে। ৩০ ঘণ্টার মধ্যে বুধবার সন্ধ্যার আগে শহরে বড় বাজারে ‘নরসিংহ জিউর আখড়ার সামনে থেকে আরধনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার দেহ তল্লাশি করে চুরি হওয়া একটি স্বর্ণের মাথার চূড়া, টিকলি, নাকের নথ, এক জোড়া দুল, একটি চুড়ি, শাখা বাঁধানোর স্বর্ণের তার, তিনটি চেইন, একটি বল চেইন, একটি মুণ্ডু মালা, একটি রুপার মাথার চূড়া ও একটি খর্গ উদ্ধার করা হয়।

এসব মালামালের মূল্য আনুমানিক চার লাখ টাকা বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।