ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাশেম নারদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী ইউসুফ আলীকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়াও অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর উপরোক্ত রায় প্রদান করেন।
দণ্ডিত আসামি ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রায়ের দিন আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর থেকে আসামির বিরুদ্ধে রায় কার্যকর হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে সকালে দণ্ডিত আসামি ইউসুফ আলী সদলবলে একই গ্রামের প্রতিবেশী আবুল কাশেম নারদকে বেধড়ক মারধর করে।
এতে ঘটনাস্থলেই মারা যায় নারদ। এ ঘটনায় মৃতের ছেলে সোহেল আলম আকাশ বাদী হয়ে ৭ জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার অভিযোগ, পুলিশের চার্জশিট, সাক্ষীদের জবানবন্দিসহ পারিপার্শ্বিক ঘটনায় হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় প্রদান করেন।