ভ্যাট নিবন্ধন না নিয়ে ব্যবসা করায় দেশীয় একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করেছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের দল। ‘শার্টোলজি’ নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফঁাঁকির অভিযোগের প্রমাণ পাওয়ায় গতকাল ভ্যাট আইনে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা।
ভ্যাট গোয়েন্দা জানিয়েছে, রাজধানী মিরপুরের অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে অভিযানে দেখা গেছে, কোনো রকম ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে প্রতিষ্ঠানটি অনলাইনে পণ্য বিক্রি করে আসছে।
অনুসন্ধানে দেখা গেছে, শার্টোলজি অনলাইনে শার্ট বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে তা বাহক মারফত গ্রাহকের কাছে সরবরাহ করে। অনলাইনে পণ্য বিক্রিতে ৭ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য।
ভ্যাট গোয়েন্দার কাছে ফেইসবুকে একজন গ্রাহকের করা অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে গোপন সংবাদ সংগ্রহ করা হয়। এরপর ভ্যাট গোয়েন্দার একটি দল ১৯ নভেম্বর এই অভিযানটি পরিচালনা করে।