বরিশালের মেহেন্দিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বদরপুর এলাকার নিজ ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
তারা হলেন ওই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী সালমা বেগম (২৫) ও মেয়ে আফরিন জান্নাত (২)। আমজাদ পেশায় একজন কাঠ ব্যবসায়ী। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্বশুরবাড়ির লোকজন জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে আমজাদ ও সালমার বাকবিতণ্ডা হয়। পরে আমজাদ পাশে বোনের বাড়িতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি গিয়ে নাতনি আফরিনের লাশ মেঝেতে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা গিয়ে খাটের ওপর শিশুটির এবং ঘরের আড়ার সঙ্গে সালমার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আবিদুর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শিশু হত্যার কারণ জানা যায়নি। গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না কি হত্যা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।