নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে লাগা আগুনে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাড়িটির ভাড়াটে রেজা কাজী (৪৫), তার স্ত্রী জমিলা খাতুন (৩৫) ও তাদের মেয়ে মিতু আক্তার। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে রেজা কাজীর পুরো শরীর ঝলসে গেছে, তার স্ত্রীর শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাদের দুজনের চেয়ে কম পুড়েছে মেয়ে মিতুর শরীর। তবে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
বাড়ির মালিক ইয়াসিন মিয়া দেশ রূপান্তরকে বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।