বাস পোড়ানো মামলা

বিএনপির অর্ধশত নেতাকর্মীর জামিন আপিলে বহাল

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটিতে দলের মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ অর্ধশত নেতাকর্মীকে   হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ। ফলে হাইকোর্টের আদেশটি বহাল থাকল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বিশ্বজিৎ দেবনাথ। ডিএজি বিশ^জিৎ দেবনাথ দেশ রূপান্তরকে জানান, রাষ্ট্রপক্ষের করা সাতটি আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে হাইকোর্টের আদেশটি বহাল রয়েছে। গত ১৮ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বিএনপি নেতাকর্মীদের ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। 

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোট  চলাকালে একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানোর ঘটনা ঘটে। এ সব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা হয়। আইনজীবীরা জানান, বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধির বিভিন্ন ধারায় বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের ৬৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।