দল যাকে মেয়র প্রার্থী করবে তার জন্য কাজ করতে হবে: আনিসুল হক

আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে দল যাকে একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে আওয়ামী লীগের নেতা–কর্মীদের তার জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, যাকে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব হবে তার পেছনে থেকে তাকে জয়ী করতে হবে।

শুক্রবার সকালে আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৩ প্রার্থীর তালিকা তৈরি উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি নেতা–কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের মধ্য থেকে ৩ জনকে বাছাই করেন। ওই তিন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন রতন ও মোহাম্মদ আলী ভূঁইয়া।

প্রার্থী বাছাই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  মো. জয়নাল আবেদীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, মো. সেলিম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর কাজী নাছির উদ্দিন খাদেম লিটন প্রমুখ।