দল মনোনীত প্রার্থীর জন্য কাজ করতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটে দল যাকে একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। যাকে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব হবে তার পেছনে থেকে তাকে জয়ী করতে হবে।

গতকাল শুক্রবার সকালে আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থীর তালিকা তৈরি উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সাতজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে তিনজন প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পৌরসভার নয়টি ওয়ার্ডের ২০ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তিনজনকে বাছাই করেন। ওই তিন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন রতন ও মোহাম্মদ আলী ভূঁইয়া।

প্রার্থী বাছাই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর কাজী নাছিরউদ্দিন খাদেম লিটন প্রমুখ।