কৃষক আন্দোলনে গিয়ে হিন্দুদের নিয়ে অশালীন মন্তব্য যুবরাজের বাবার

কখনও এম এস ধোনিকে নিয়ে কুরুচিকর মন্তব্য। কখনও আবার নির্বাচকদের নিয়ে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা বরাবরই বিতর্কিত মন্তব্য করতে ‘দক্ষ’। এবার আগের সব সীমা যেন ছাড়িয়ে গেলেন।

ভারতে চলমান কৃষক আন্দোলনের মাঝে আচমকা হাজির হয়ে যোগরাজ সিং বলে বসলেন, ‘হিন্দুরা গদ্দার। ওরা ১০০ বছর মোগলদের গোলাম ছিল।’

তার মন্তব্যের পর গ্রেপ্তারের দাবি উঠেছে ভারতজুড়ে। দিল্লি সীমান্তে অবস্থান করছেন কয়েক লাখ কৃষক। সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তবে পুরোটাই হচ্ছে শান্তিপূর্ণভাবে। সেখানে যোগরাজের এমন মন্তব্য অরাজকতা সৃষ্টির পরিবেশ তৈরি করল।

যোগরাজ সিং হিন্দু মা-বোনদের সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছেন।

এসব অশালীন কথা তিনি বলেছেন খোলা মঞ্চ থেকে। তার পুরো বক্তব্য রেকর্ড হয়েছে মোবাইলে। আর সেই রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

কৃষক আন্দোলনের মাঝে গিয়ে যোগরাজ হঠাৎ কেন সাম্প্রদায়িক মন্তব্য করলেন, এই প্রশ্ন উঠছে এখন। তবে যোগরাজ যখন এসব মন্তব্য করছিলেন, তখন আন্দোলনরত কৃষকদের কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি।