রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি করেছে দুটি শ্রমিক সংগঠন। সংগঠন দুটির নেতারা বলেছেন, সিদ্ধান্ত বাতিল না করা হলে ১৫ ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত চিনিকলে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন দেশের সব চিনিকলের মিল গেট এলাকায় দুই ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন।

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন ও বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সভাপতি মজাহারুল হক প্রধান, চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা, চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এবং প্রথম সহসভাপতি খোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন।