প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতার সঙ্গে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনীতি সচল রয়েছে। ইউরোপে ফের লকডাউন শুরু হলেও বাংলাদেশের মানুষ কাজ করতে পারছে। করোনা নিয়ন্ত্রণ করতে পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তার পরামর্শে এটা সম্ভব হওয়ায় বিশ্ববাসীও অবাক হয়েছে।’ গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা পৃথিবীর সবচয়ে কম। শীত এলেই বিভিন্ন অসুখ-বিসুখ শুরু হয়। এই শীত আসার পর থেকে বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই শীতে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপ, আমেরিকা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলো করোনায় বিপর্যস্ত। হাজার হাজার, লাখো লাখো মানুষ করোনায় মারা যাচ্ছে। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাদের অর্থনীতি এখন বন্ধ হওয়ার উপক্রম। সেখানে আমরা অনেক ভালো আছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্করা সাহা, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, ওসি আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।