কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেÑ আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আর এ কারণেই সংঘাত ও বিবাদ সৃষ্টি করতে উসকানিমূলক কর্মকা- পরিচালনা করছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ডান হাত, পুরো মুখম-ল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। গতকাল সকালে ভাঙা অবস্থায় ভাস্কর্যটি দেখতে পেয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির অভিযোগ, বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে দলটির জেলা কার্যালয়ে ভাঙচুর করেছে।
এ অবস্থায় গতকাল শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভার্চুয়াল সভা শেষে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল বিকেলে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
তিনি বলেন, ‘দেশ পরিচালনায় ও জনগণের সমস্যা নিরসনে সীমাহীন ব্যর্থতা এবং দুর্নীতি, লুটপাট, দুঃশাসন আড়াল করতে গত সপ্তাহে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে অতর্কিতে হামলা করা হয়েছিল। এবার বিনা কারণে আকস্মিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এটি নিঃসন্দেহে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও দমন-পীড়নেরই ধারাবাহিকতা।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র হুমকিতে : আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। দিবসটি উপলক্ষে গণমাধ্যমে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে দেওয়া বাণীতে মির্জা ফখরুল বলেছেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো হুমকির সম্মুখীন। গতকাল শনিবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বাণীতে এসব কথা বলেন তিনি।
‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে ’৯০-এর সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য ও ’৯০-এর ডাকসু ভিপি ও সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমান।