সম্মান প্রথম থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে (মুচলেকা) স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে ওই সব বিষয়ে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় তারা অংশ নিতে পারবেন না। সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন গতকাল দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাফ হোসেন জানান, করোনায় শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে তুলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই বিষয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন কবির জানান, করোনাকালীন বিশেষ বিবেচনায় শুধু চতুর্থ বর্ষে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছিল। পরে দেখা গেছে, অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষে ফেল না থাকলেও অন্য বর্ষে এক বা দুই বিষয় ফেল রয়েছে। এজন্য পরবর্তী আরেকটি সভায় প্রথম থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নোটিস দেওয়া হবে।