নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে তুলে এনে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে কেন্দ্রের লোকজন তার মাথা ন্যাড়া করে দেয়।
গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ওই কেন্দ্র থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।
শাহাদাত শহরের ডন চেম্বার এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে এবং অগ্রণী ব্যাংক টানবাজার শাখার ব্যবস্থাপক। এ ঘটনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক খোকন মিয়াকে (৪৩) আটক করেছে পুলিশ।
পুলিশ, শাহাদাতের স্বজন ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে শাহাদাতের স্ত্রী সাউথইস্ট ব্যাংক ঢাকার মতিঝিল শাখায় কর্মরত রওশন আরা তার স্বামীকে মাদকাসক্ত আখ্যায়িত করে ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য আবেদন করেন। এরপর লোকজন গিয়ে তাকে কেন্দ্রে নিয়ে আসে।
শাহাদাত হোসেনের ভাতিজা মো. ইয়াসিন দেশ রূপান্তরকে জানান, শনিবার বিকেল ৪টার দিকে ৮-১০ জন এসে তার চাচাকে টেনেহিঁচড়ে বিকেএমই লেখা সাদা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫৩-৮৩১৬) তুলে নিয়ে যায়। বিষয়টি সদর থানায় জানানোর পাশাপাশি ৯৯৯-এ ফোন করা হয়। পরে ফতুল্লা থানার পুলিশ দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।
এ বিষয়ে শাহাদাত হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘তুলে আনার পর হাত-পা বেঁধে আমাকে ব্যাপক নির্যাতন করা হয়। একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেয়। ইনজেকশন দেওয়ার চেষ্টা করে।’
শাহাদাতের স্ত্রী রওশন আরা বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত এবং মানসিক রোগী। নিয়মিত সে আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। তাকে সুস্থ করে তোলার জন্যই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আবেদন করেছি।’
ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানান, অভিযোগ পেয়ে শাহাদাত হোসেনকে উদ্ধার এবং কেন্দ্রের পরিচালক খোকন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।