জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের বিভিন্ন স্থানে থাকা সব ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। উচ্চ আদালতের আইনজীবী উত্তম লাহিড়ী গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। আজ সোমবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে পরে দেশ রূপান্তরকে জানান অ্যাডভোকেট উত্তম লাহিড়ী। তিনি আরও জানান, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
আবেদনের বরাত দিয়ে রিট আবেদনকারী জানান, ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না আবেদনে এ মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে জাতির পিতার ভাস্কর্য স্থাপন এবং ভাস্কর্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইফা’র মহাপরিচালক ও বায়তুল মোকাররম মসজিদের খতিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। অ্যাডভোকেট উত্তম লাহিড়ী বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য নিয়ে একটি গোষ্ঠী অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। জাতির পিতার ভাস্কর্য সবকিছুর ঊর্ধ্বে। অন্যকিছুর সঙ্গে এটি মেলানো যাবে না। বঙ্গবন্ধুর ও অন্যান্য ভাস্কর্যের সুরক্ষা এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা চাওয়ার পাশাপাশি রুল চাওয়া হয়েছে।’
এদিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনসহ অনেকে অংশ নেন।