মিয়ানমার থেকে পাচারের সময় কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
সোমবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি ট্রলার।
গ্রেপ্তাররা হলো- মিয়ানমারের আকিয়াবের অন ডাইং এলাকার বাসিন্দা এ থং সা (৬৭), একই গ্রামের মৌং চোং অং (৫১) ও পেলিসং এলাকার মোহাম্মদ ইসাহাক (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সোমবার ভোরে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে কোস্টগার্ডের টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল অবস্থান নেয়। একপর্যায়ে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণ সাগরে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশ দেন। এ সময় দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়।
আমিরুল হক বলেন, পরে ট্রলারে থাকা মিয়ানমারের ৩ নাগরিককে আটক করা হয়। ট্রলারটি তল্লাশি করে ৩টি প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৪ লাখ ইয়াবা ও মিয়ানমারের নগদ ৯ লাখ ৫১ হাজার কিয়াট পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান কমান্ডার আমিরুল।