প্রস্তাবিত ‘সিটিজেনস ব্যাংক লিমিটেডের’ ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিত পর্যালোচনা শেষে ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই কার্যক্রম শুরুর লক্ষ্যে লোগো উন্মোচন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তবে এই বোর্ড সভার মাধ্যমে সিটিজেন ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হলো।
এ ছাড়া সরকার বিনিয়োগ সূচক ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্পেশাল পারপাস ভেহিকল ও ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন, টেকনোলজির উন্নয়ন শীর্ষক এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন, নিজস্ব জনবলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) উন্নয়ন অগ্রগতি প্রতিবেদন এবং ২০২০-২১ অর্থবছরের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার পুনঃ অর্থসংস্থান ঋণসীমা মঞ্জুর বিষয়ে আলোচনা করা হয়।