মিরাজ রেস্তোরাঁর ২.৫৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি

রাজধানীর গুলশানের ‘দি মিরাজ’ রেস্টুরেন্ট কাম সিসাবারের বিরুদ্ধে ২ কোটি ৫৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা। এতে ঢাকা উত্তর কমিশনারেটের অধীন নিবন্ধিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে।

ভ্যাট গোয়েন্দার অনুসন্ধান অনুসারে, দি মিরাজ ৯ কোটি ৩৩ লাখ টাকার বিক্রয়তথ্য গোপন করেছে। এর মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। অভিযানে নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দার উপপরিচালক তানভীর আহমেদ, সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন। ভ্যাট ফাঁকির অভিযোগের ভিত্তিতে গত ১২ নভেম্বর গুলশানে অবস্থিত দি মিরাজ সিসাবারে অভিযান পরিচালনা করে ভ্যাট গোয়েন্দার একটি দল। অভিযানকালে দেখা গেছে, রেস্টুরেন্টের আড়ালে তারা সিসাবার পরিচালনা করছে। এ সময় সিসাবার থেকে ১৫ কেজি সিসা ও সিসা পরিবেশনের নানা সামগ্রী আটক করে। এ ছাড়া গোয়েন্দারা প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলও জব্দ করে। আইন অনুসারে এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সুপারিশ করা হয়েছে। কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। মূসক নিবন্ধন অনুযায়ী, প্রতিষ্ঠানটির নাম ‘দি ফ্রেন্ডস হাউস লিমিটেড’; ভ্যাট নিবন্ধন নং: ০০৩২৬৯০৪৭-০১০১।