হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতাইহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীগঞ্জের মুড়াউড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সমিরন বেগম (৩০), মেয়ে মারিয়া (২), ভাই আবু শ্যামার স্ত্রী হালিমা বেগম (২৩), সাতাইহাল গ্রামের নূরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (১৬), আবদুল আহাদের মেয়ে লিজা আক্তার (১৭), ছুরত আলীর ছেলে লিটন মিয়া (১৭), লতিবপুর গ্রামের আপ্তর আলীর ছেলে কিতাব আলী (৪২) ও অজ্ঞাতপরিচয় এক পুরুষ।
নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলাম জানান, নিহতদের সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। গতকাল বিকেল ৪টার দিকে যাত্রীদের নিয়ে অটোরিকশাটি স্থানীয় গোপলার বাজার থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস সাতাইহাল এলাকায় পৌঁছালে অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে এক শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় দিকে কয়েক শ যান আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। ভোলায় যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। তা ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরচালক ও কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
মুন্সীগঞ্জ : গজারিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পুরান বাউশিয়া এলাকার মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকার মো. নুরুল ইসলাম (৭০)। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন জানান, গতকাল সকাল ৭টার দিকে বাউশিয়া বাসস্ট্যান্ড মোড় এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভোলা : সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন (৪৫)। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে ব্যারিস্টারের কাচারি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরচালক নাসির (২৫) নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার হিরুপাড়া যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসির গোমস্তাপুর উপজেলার উদয়নগর গ্রামের বকুল আলীর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল বেলা ১১টার দিকে হিরুপাড়া যাদুপুর রেলক্রসিং পার হওয়ার সময় কমিউটার এক্সপ্রেস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রহনপুর রেলওয়ে স্টেশনমাস্টার ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া : দৌলতপুরে ট্রাকচাপায় সুজন হোসেন (৩০) নামে মোটরসাইকেলচালক এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুজন উপজেলার বৈরাগীরচর রহিমপুর গ্রামের হামিদুল সরদারের ছেলে। দৌলতপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান, গতকাল সকালে মোটরসাইকেলে করে আল্লারদর্গা যাওয়ার পথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।