ঘন কুয়াশার কারণে এখন প্রায়ই বন্ধ থাকে ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকলেও থেমে নেই যাত্রী পারাপার। ঝুঁকি নিয়েই দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাট পয়েন্টে ট্রলারে করে আসছেন যাত্রীরা।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত থেকে সকাল পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা। তবে ট্রলারে করে যাত্রী পারাপার করছে অনেকে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার লঞ্চ ঘাট থেকে ট্রলারে উঠতে দেখা গেছে ঢাকাগামী যাত্রীদের।
ঢাকাগামী যাত্রী সাদ্দাম হোসেন বলেন, আমি সোমবার রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। কিন্তু ফেরি বন্ধ থাকায় নৌপথ পার হতে পারিনি। তাই আজ মঙ্গলবার সকালে ঝুঁকি আছে জেনেও অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলারে নদী পার হচ্ছি।
গার্মেন্টস কর্মী মাসুদ রানা নামের আরেক যাত্রী বলেন, চাকরি বাঁচাতে হবে তাই এই ঝুঁকি। সময়মতো পৌঁছাতে না পারলে চাকরিটা চলে যাবে। সে জন্য ঝুঁকি নিয়ে যেতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে ট্রলার চালক বলেন, পুলিশ ধাওয়া দিলে ট্রলার নিয়ে পালিয়ে যাই। এ ছাড়া দৌলতদিয়া ঘাটে দালাল আছে। তাদের ম্যানেজ করে নদীতে ট্রলার চালাচ্ছি।