নেত্রকোনার উদীচীতে বোমা হামলার ট্র্যাজেডির ৫ মিনিটের জন্য নীরবতা পালিত হয়েছে নেত্রকোনায়।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে নিহতের স্মরণে নেত্রকোনা শহরে একযোগে ৫ মিনিটের জন্য নীরবতার মাধ্যমে স্তব্ধ নেত্রকোনা পালন করা হয়। এ সময় সড়কে সকল চলাচল বন্ধ করে দেয়া হয়।
এতে শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় নিহতের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখান থেকে শোক র্যালি করে শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা।
২০০৫ সালের এই দিনে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, ভিক্ষুক, পথচারী ও আত্মঘাতী কিশোরসহ মোট আটজন নিহত হন।
আহত হয়েছিলেন ৯২ জনের মতো। অনেকের শরীরে এখনো রয়ে গেছে বোমার স্প্লিন্টার।
এরপর থেকে ১৫ বছর ধরে প্রতি বছর নেত্রকোনাবাসী দিবসটিকে ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন।
অন্যান্য বছরের মতো দিনব্যাপী দিবসটিতে প্রতিবাদী মিছিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও এবার করোনাকালে সবকিছু সীমিত করা হয়েছে।