আসছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’-এর প্ল্যাটিনাম স্পন্সর হয়েছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডি। সপ্তমবারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলো ইভ্যালি।
গতকাল ইভ্যালির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে সমঝোতা চুক্তি হয়। বিসিসির পরিচালক মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক মো. মামুনুর রশীদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ রাসেল বলেন, প্রযুক্তিবিষয়ক দেশের সর্ববৃহৎ এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দিত, গর্বিত। আমাদের এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিসির আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ, ইভ্যালির জনসংযোগ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।