যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছরের নারী

ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে ৯০ বছর বয়সী এক নারী প্রথম ওই টিকাটি গ্রহণ করেন। এর মধ্য দিয়ে করোনা মহামারী মোকাবিলা এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছাল বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাজ্যের কনভেনট্রি শহরের সিটি হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার সময় মার্গারেট কিনান নামের ৯০ বছর বয়সী এক নারীর ওপর এ টিকা প্রয়োগ করা হয়। হাসপাতালের এক নার্স তাকে টিকাটি দেন। বয়স্ক হিসেবে অগ্রাধিকার পাওয়ায় টিকাটি গ্রহণের সুযোগ পান তিনি। পরে এক প্রতিক্রিয়ায় মার্গারেট কিনান বলেন, ‘প্রথম মানুষ হিসেবে টিকাটি গ্রহণ করতে পেরে সত্যিই আপ্লুত। জন্মদিনে যেসব প্রার্থনা করেছিলাম তার মধ্যে সবচেয়ে আগে এই প্রার্থনাটি পূর্ণ হলো।

ওই নারী প্রায় ৬০ বছর ধরে কনভেন্ট্রিতে বসবাস করছেন। তিনি একটি গহনার দোকানে চাকরি করতেন। তার বয়স যখন ৮৬ বছর তখন তিনি কাজ থেকে অবসর নেন। মূলত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছেন এবং বয়স্ক লোকজনকে আগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর ইতিমধ্যেই বিশ্বজুড়ে মহামারী আকার নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। কোটি কোটি মানুষকে আক্রান্ত করা এই ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত টিকাটি অনুমোদন করে যুক্তরাজ্য।