মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৬ ডিসেম্বর অথবা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মন্ত্রিপরিষদ সচিব থাকবেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তার চুক্তির মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান তিনি। আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর গত বছর ৯ ডিসেম্বর এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে আনোয়ারুলকে নিয়োগ দিয়েছিল সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া আনোয়ারুল ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন। তার স্ত্রী কামরুন নাহার তথ্য সচিবের দায়িত্ব থেকে সম্প্রতি অবসরে গেছেন।
সচিবালয়ে ও মাঠপ্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও বিশ্ব ব্যাংক, ইউএনএফপিএ, এডিবি, সিআইডিএ, ডিজিআইএস, ইউএনডিপির অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন তিনি। ১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ারুল ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগ দেন।