কুষ্টিয়ায় হাসানুল হক ইনু

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকিদাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা। সবসময় তারা বাংলাদেশের বিপক্ষে ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত, জঙ্গি-রাজাকারের ভাড়াটে হিসেবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুঙ্কার ছেড়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে এই রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল।’

বিএনপির নীরবতা নিয়ে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে পুরো দেশ যখন ক্ষুব্ধ তখনো অতীতের মতো বিএনপি নীরবতা পালন করে কার্যত ভাস্কর্য ভাঙার পক্ষেই অবস্থান নিয়ে উসকানি দিচ্ছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর পাঁচ রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হাসানুল হক ইনু।