জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা-সংবিধানের ওপর কোনো আঘাত বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘আপনারা (হেফাজত নেতারা) নিবৃত্ত না হলে আফগানিস্তান পাঠিয়ে দেওয়া হবে।’ গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তাপস।
হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে কটূক্তি এবং স্বাধীনতার ওপর আঘাত দামাল ছেলেরা কোনো দিন বরদাশত করবে না। আপনারা নিবৃত্ত হবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শান্তির নীড় হিসেবে গড়তে যে নেতৃত্ব দিচ্ছেন, সেই কাতারে আসবেন। না হলে আপনারা যে সেøাগান এক সময় দিয়েছিলেন, বাংলা হবে আফগান। সেই আফগানিস্তানেই আপনাদের পাঠিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা মনে করছেন একটি ভাস্কর্য ভাঙলেই মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। আমরা শান্তিপ্রিয়, সুন্দরভাবে দেশকে এগিয়ে নিতে চাই। কিন্তু তার মানে এই নয়, আপনারা পানি ঘোলা করে মুক্তিযুদ্ধ ও জাতির পিতার চেতনায় আঘাত করে দেশকে আবার জঙ্গিবাদের দিকে নিয়ে যাবেন, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাবেন। বাংলার মাটিতে আমরা এটি আর হতে দেব না।’
আয়োজক সংগঠনের এই সদস্য সচিব বলেন, ‘গণতন্ত্র এবং সংবিধানবিরোধী কার্যক্রম হলেই আইনজীবীরা দাঁতভাঙা জবাব দিয়েছেন। এবারও আমরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছি।’
সমাবেশে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল প্রমুখ বক্তব্য দেন।