যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন, তার বিরুদ্ধে কর সংক্রান্ত তথ্য নিয়ে তদন্ত শুরুর কথা তিনি জেনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি আশা করছেন, তদন্তের মাধ্যমে দেখা যাবে সবকিছুই আইন মেনে যথাযথ পথে সম্পন্ন করেছেন হান্টার।
বিবিসি বলছে, এমন সময়ে হান্টারের কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হলো, যখন তার বাবা নতুন প্রশাসনের মন্ত্রিসভা সাজাচ্ছেন। এ তদন্ত আগামী মাসের ২০ তারিখের পরও চলে, তাহলে বাইডেনের বেছে নেওয়া অ্যাটর্নি জেনারেল তদন্তের দেখভাল করতে পারবেন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার কথা আগামী ২০ জানুয়ারি।
সিএনএন বলছে, হান্টার বাইডেনের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে কর আইনের লঙ্ঘন, বিদেশের সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে কোনো অনিয়ম হয়েছে কি-না, তা দেখা হচ্ছে।
ডেলওয়ারে কেন্দ্রীয় কৌঁসুলিরা তদন্তটি পরিচালনা করছেন। ফক্স নিউজ বলছে, এমন তদন্তে এখনো কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তা বলা যাবে না। অবশ্য এফবিআই থেকে পাওয়া নথিতে বলা হয়েছে, তদন্তের আওতায় অর্থ পাচার ও বিদেশে অর্থ লেনদেনের বিষয় রয়েছে।
এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম জানিয়েছে, বাইডেন তার সন্তানকে নিয়ে খুবই গর্বিত। সাম্প্রতিক মাসগুলোতে কুৎসিত ব্যক্তিগত আক্রমণসহ কঠিনসব চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করেছেন হান্টার। এগুলো তাকে আরও শক্তিশালী হিসেবে হাজির করেছে।