করোনাভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ পরিস্থিতিতে ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক স্কুলে ১৫ ডিসেম্বর থেকে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর স্কুলগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ৩০ ডিসেম্বর লটারি হবে। বিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো প্রস্তাব গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে।
মাউশি থেকে জানা গেছে, শিগগিরই মাউশি থেকে ভর্তির আবেদনের সময়সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানায়, ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাই স্কুলে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আর ৩০ ডিসেম্বর লটারি হবে। ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগরীতে ৩৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি শাখা রয়েছে। ঢাকার এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন আছে সাড়ে ১১ হাজারের মতো। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা ভাগ (এ, বি ও সি) করে ভর্তির কাজটি করা হবে। এবার একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। এতদিন একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত।