সাভারে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয়কারী চক্রের সক্রিয় সদস্য রিয়াদ হোসেন ওরফে মিঠুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪-এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডের জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ওই মার্কেটের কম্পিউটার পয়েন্ট অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সার্টিফিকেট উদ্ধার এবং কম্পিউটার, মোবাইল, প্রিন্টার, স্ক্যানার জব্দসহ জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় চক্রের সক্রিয় সদস্য রিয়াদকে আটক করে।
কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার বলেন, রিয়াদ হোসেন ওরফে মিঠু দীর্ঘদিন ধরেই জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।