টেস্টে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করলেন হেনরি নিকোলস। এই সেঞ্চুরিতে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে শততম টেস্ট সেঞ্চুরি হলো। শুধু তাই নয়, এ মাঠের ৯৯তম সেঞ্চুরিটিও নিকোলসই করেছিলেন গত বছর বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৩ ইনিংসে হাফসেঞ্চুরি করতে ব্যর্থ নিকোলস গতকালের সেঞ্চুরিতে দলকে টেস্টের নিয়ন্ত্রণ এনে দিলেন। দিন শেষে ৬ উইকেটে ২৯৪ রান করেছে কিউইরা। দিন শেষে নিকোলস ১১৭ রানে অপরাজিত ছিলেন।
প্রথম টেস্টের মতো এবারও যথারীতি সবুজ পিচ তৈরি করেছে নিউজিল্যান্ড। আগের টেস্টে এই পিচের ফায়দা নিতে পারেনি উইন্ডিজ। কিন্তু এবার শুরুটা ব্যতিক্রম করেছিল তারা। ৫০তম টেস্ট খেলতে নামা শ্যানন গ্যাব্রিয়েলের মাইলফলকে প্রথম সেশন নিজেদের করে নেয় সফরকারীরা। ইনিংসে এখন পর্যন্ত তিন উইকেট নিয়ে ১৫০ টেস্ট উইকেটের কোটা ছুঁয়েছেন গ্যাব্রিয়েল। তাতে ৭৮ রানে ৩ উইকেট পড়েছিল কিউইদের। কিন্তু নিকোলসের ব্যাটে সেই ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা।
নিকোলসের সেঞ্চুরি অবশ্য উইন্ডিজের উপহার বলা চলে। তিনবার জীবন পেয়েছেন নিকোলস, প্রথম সিøপেই দুবার তার ক্যাচ ফেলেন ক্যারিবিয়ানরা। সেই সুযোগে উইল ইয়ংয়ের (৪৩) সঙ্গে ৭০ রানের জুটি। বিজে ওয়াটলিংয়ের (৩০) সঙ্গে ৫৫ রানের জুটি এবং ড্যারেল মিচেলের (৪২) সঙ্গে ৮৩ রানের জুটি দাঁড় করান নিকোলস। বেসিন রিজার্ভে ১০০ সেঞ্চুরির মধ্যে বাংলাদেশও আছে। ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরে এই মাঠে জোড়া সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ইন্টারনেট।
সংক্ষিপ্ত স্কোর : (১ম দিন শেষে)
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৯৪/৬ (নিকোলস ১১৭*, লাথাম ২৭, ইয়ং ৪৩, ওয়াটলিং ৩০, মিচেল ৪২; গ্যাব্রিয়েল ৩/৫৭, চেমার হোল্ডার ২/৬৫, জোসেপ ১/৬৫)।