নিম্ন আয়ের দেশগুলো করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে বলে জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ইউরোপ-আমেরিকার ধনী দেশগুলো এরই মধ্যে ভ্যাকসিনের বৈশ্বিক সরবরাহের প্রায় সবটাই তাদের জনগণের স্বার্থে দখলে নিয়েছে। এর ফলে নিম্ন আয়ের দেশগুলো ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। গতকাল শুক্রবার ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কভিড-১৯ ভ্যাকসিনকে একটি বৈশি^ক সর্বসাধারণের সামগ্রী ঘোষণা করতে গত জুন মাসে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী প্রচারাভিযান শুরু করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ২৪ জন নোবেলজয়ী এবং ১২৫ জন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও খ্যাতনামা ব্যক্তিত্বরা এ কাজে তার সঙ্গে যোগ দেন। আসন্ন ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের ইইউ সম্মেলন, দ্য ট্রিপস সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সম্মেলন ও আফ্রিকান ইউনিয়ন (এইউ) সম্মেলন সামনে রেখে মুহাম্মদ ইউনূসের শুরু করা ও আভাজ সমর্থিত এক পিটিশনে ১১ ডিসেম্বর পর্যন্ত ৯ লাখ ১৩ হাজার ৪৫৩ মানুষ স্বাক্ষর করেছেন। যেখানে এই ভ্যাকসিনকে পৃথিবীর সর্বত্র সব মানুষের জন্য সহজলভ্য করার আবেদন জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের জীবন রক্ষার মতো একটি মৌলিক প্রশ্নে ‘উত্তর-দক্ষিণ’ বিভাজন কাম্য নয়; বিশেষ করে সেসব দেশের ক্ষেত্রে যেখানে পৃথিবীর জনসংখ্যার বড় অংশ বাস করে। এখন সময় এসেছে জি-২০ নেতাদের এটা প্রমাণ করার, কাউকে পেছনে ফেলে না রাখার চেষ্টার কোনো ত্রুটি না করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ডব্লিউটিওতে উত্থাপিত প্রস্তাবটির সমর্থনে তাদের এগিয়ে আসা প্রয়োজন বলে জানানো হয়।