বরিশালে ব্যবসায়ীর দুই চোখ খুঁচিয়ে দিল প্রতিপক্ষ!

বরিশাল নগরীর হাটকোলা হকার্স মার্কেট এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে সোহাগ খান (৩২) নামে এক ভাঙারি ব্যবসায়ীর দুই চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৪ ডিসেম্বর প্রকাশ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সোহাগের দুই চোখ খুঁচিয়ে নষ্ট করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সোহাগ নগরীর মোহাম্মদপুর চরের বাসিন্দা। ফেরি করে ভাঙারিসামগ্রী ক্রয়-বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ওই চরের জমি নিয়ে জনৈক মোবারক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল।

সোহাগের ভাই সুজন খান জানান, চরের খাসজমি নিয়ে একই এলাকার মোবারক হোসেনের সঙ্গে সোহাগের বিরোধ রয়েছে। এর জের ধরে ৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে নগরীর হাটখোলা হকার্স মার্কেটে সোহাগের ওপর হামলা চালায় মোবারকের তিন ছেলে সাইফুল, আল আমিন ও রাব্বী। তারা খুঁচিয়ে সোহাগের দুটি চোখ নষ্ট করে দেয়। উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, সোহাগের দুটি চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, এ ঘটনায় সোহাগের বড় ভাই মাসুম খান বাদী হয়ে ৪ ডিসেম্বর চারজনের নামে মামলা করেছেন। পরে পুলিশ সাইফুল ও আল আমিন নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি নুরুল ইসলাম।