ফ্যাসিবাদী শক্তিকে রুখতে সক্ষম হব : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ চরম সংকটাপন্ন। মওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদী ও আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হব।’ মওলানা ভাসানীর ১৪১তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, লাতিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষকগোষ্ঠীর বিরুদ্ধে এক আপসহীন যোদ্ধা।’

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে। প্রহসন ও তামাশার নির্বাচন করে গণতন্ত্রবিনাশী উৎপীড়ক শাসকগোষ্ঠী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘আজকে এই দিনে আমি মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই। তার জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও জনঅধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে কাক্সিক্ষত বিজয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব।