শ্রীপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি গ্যারেজের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া (নতুনবাজার) এলাকায় গ্যারেজের ভেতরে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

নিহত গিয়াস উদ্দিন (৬০) শ্রীপুর উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে। তার বেশকিছু ব্যাটারিচালিত অটোরিকশা আছে।

নতুনবাজার সড়কের পাশেই তার অটোরিকশার গ্যারেজ। প্রতিদিন সেখান থেকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা দৈনিক ভিত্তিতে ভাড়া দিতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন তার বাড়ির পাশেই গ্যারেজের ভেতরেই প্রতিদিন ঘুমাতেন।

কাজ শেষ করে শুক্রবার রাত ১২টার দিকে গ্যারেজে ঘুমিয়ে পড়েন তিনি। আজ সকালে লোকজন অটোরিকশা আনতে সেখানে গেলে গ্যারেজের দরজা বাইরে থেকে শিকল লাগানো দেখতে পান। ভেতরে গিয়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গিয়াস উদ্দিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

বেলা ১১টার দিকে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে লাশটি উদ্ধার করবেন।