পদ্মা সেতু দৃশ্যমান

মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশ-বিদেশে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল। সব বাধা পেরিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু দৃশ্যমান। সরকারকে ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, এই সেতু চালু হলে শিক্ষা, সাংস্কৃতিক, কৃষিসহ সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ফলে আলোকিত হবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষ।