ইরানের ভিন্নমতাদর্শী সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় ভোরের দিকে তার ফাঁসি কার্যকর করা হয়। ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির খবরে বলা হয়, গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে ভিন্নমতাবলম্বী এ সাংবাদিককে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। গুপ্তচরবৃত্তি ও শরিয়া আইনের বিরোধিতার অভিযোগে গত জুনে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। রুহুল্লাহ জাম ২০১৭ সালে দেশটিতে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অনলাইনে তার বেশ কিছু লেখায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ ওই বিক্ষোভে অংশ নেন। দীর্ঘদিন প্যারিসে নির্বাসনে থাকার পর ২০১৯ সালের অক্টোবরে তাকে আটক করা হয়। অভিযোগ থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রুহুল্লাহ জাম। কোর্ট আবেদন নাকচ করে দিলে শনিবার সকালে সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রুহুল্লাহ জাম বেশ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থেকে দেশের নিরাপত্তার জন্য হুমকি ছিলেন। তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ইরানের শরিয়া আইনে এটি গুরুতর একটি অপরাধ। এ আইনে তাকে গত জুনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।