সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কাউকেই মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়নি

মুক্তিযোদ্ধা তালিকা থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাই না করে তালিকাভুক্ত করা হয়েছে, শুধু তাদের বিষয়েই যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের ভাতা স্থগিত করা হয়েছে।’ গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে প্রচুর ভুল-ভ্রান্তি পেয়েছি। আমরা ভারতীয় তালিকা ও লাল মুক্তিবার্তায় নামের তালিকা সামনে রেখে এ যাচাই-বাছাই করছি।’

তিনি বলেন, ‘বর্তমানে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হচ্ছে। যার জন্য সবার সব তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজনের টাকা আরেকজনের পকেটে গেছে। এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘২০০২ সালের পর অনেক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে।’

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।