সারা দেশে শিশুদের হাম-রুবেলা টিকা খাওয়ানো শুরু

দেশব্যাপী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা খাওয়ানো শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত। এ সময় ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকা খাওয়ানো হচ্ছে। চলমান করোনা মহামারী বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

অধিদপ্তর আরও জানায়, অতীতে বেশ কয়েকবার দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হওয়া সত্ত্বেও বিগত কয়েক বছরে দেশে হাম ও রুবেলা রোগের প্রকোপ ও আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণকল্পে এবং ২০২৩ সাল নাগাদ দেশ থেকে হাম-রুবেলা দূরীকরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সারা দেশে আরও একটি হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করছে। ক্যাম্পেইনটি গত ১৮ মার্চ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কভিড-১৯ মহামারীর কারণে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

ইপিআই কর্মসূচির কর্মকর্তারা জানান, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। যেকোনো বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি। জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব, বধিরতা অন্যতম। অন্যদিকে রুবেলাও ভাইরাসজনিত রোগ। গর্ভধারণের তিন মাসের সময় রুবেলা ভাইরাস আক্রমণ করলে ৯০ শতাংশ ক্ষেত্রে মায়ের থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে গর্ভপাত; এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে। শিশুর হৃদযন্ত্রে ছিদ্র হতে পারে, শিশু অন্ধও হতে পারে। বাংলাদেশে প্রতি ১০ লাখে ২ হাজার ৯৭৯ জন রুবেলায় আক্রান্ত হয়। রুবেলা নিয়ে কোনো শিশু যাতে জন্ম না নেয়, সে জন্য সরকার বিনামূল্যে রুবেলা টিকা দিতে শুরু করে।

হাম রোগ নিয়ন্ত্রণের জন্য ২০০৬ সালে ক্যাচআপ কর্মসূচি নেওয়া হয়। ২০১০ সালে ফলোআপ ক্যাম্পেইন করা হয়েছিল। এর ফলে হামের প্রভাব অনেক কমে গিয়েছিল। ২০১২ সাল থেকে রুবেলা নিয়ন্ত্রণে হামের টিকার সঙ্গে রুবেলা টিকা সংযোজন করে এমআর টিকা দেওয়া শুরু হয়। ২০১৪ সালে হাম-রুবেলা দূর করার জন্য এমআর ক্যাম্পেইন পরিচালিত হয়। কিন্তু রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়লে নতুন অভিযানের উদ্যোগ নেয় সরকার।

দেশের বিভিন্ন স্থানে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরুর তথ্য জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এর মধ্যে চট্টগ্রামে গতকাল থেকেই এই টিকা খাওয়ানো শুরু হয়েছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরীর ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর বন্দরটিলা সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।