মোবাইল ব্যাংকিং

দিনে সাড়ে ৯৩ লাখ লেনদেন

জনপ্রিয়তা বাড়ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস)। বাড়ছে লেনদেনও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে দেশের ১৫টি ব্যাংক। অক্টোবর শেষে নিবন্ধিত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৮ হাজার ৬৭৭টি, যা গত সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। ওই মাসে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৫৫টি। তবে সক্রিয় হিসাবধারী ব্যক্তির সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৯ শতাংশ। অক্টোবর পর্যন্ত সক্রিয় হিসাবধারী ছিলেন ৩৩২ কোটি ৯৩ লাখ, সেপ্টেম্বরে ৪১০ কোটি ৩৫ লাখ।

অক্টোবরে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১৮ হাজার ৪২৩ বার। টাকার পরিমাণ ছিল ৫৩ হাজার ২৫৪ কোটি ৮৪ লাখ। সেপ্টেম্বরে লেনদেন হয় ৪৯ হাজার ১২১ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ অক্টোবরে লেনদেন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

এ ছাড়া অক্টোবরে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৯৩ লাখ ৬০ হাজার ৬৫৮ বার। লেনদেন হয় ১ হাজার ৭১৮ কোটি টাকা। সেপ্টেম্বরে প্রতিদিন লেনদেন হয় ১ হাজার ৬৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রায় ৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

অক্টোবরে মোবাইলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ১৬ লাখ টাকা, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ১১০ কোটি ১০ লাখ টাকা।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বেড়েছে ক্যাশ ইন ও ক্যাশ আউট। এ সময় ক্যাশ ইন হয় ১৫ হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ টাকা এবং ক্যাশ আউট হয় ১৪ হাজার ৬৫৭ কোটি ৬৮ লাখ টাকা। সেপ্টেম্বরে ক্যাশ ইন ১৪ হাজার ৭২৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ক্যাশ আউট হয়েছিল ১৩ হাজার ৮৯৫ কোটি ৭৯ লাখ টাকা।

অক্টোবরে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেন বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। লেনদেন হয়েছে ১৬ হাজার ৫৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা সেপ্টেম্বরে হয় ১৪ হাজার ৮৫৭ কোটি টাকা। তবে সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেতন কমেছে ১ দশমিক ৯ শতাংশ এবং ইউটিলিটি কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।