পাবনার দোগাছি ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে (৩২) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে পাবনা সদর থানায় নিহত বকুলের মা জহুরা খাতুন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, শনিবার রাতে নিহত বকুল শেখের পরিবার থানায় এজাহার জমা দিয়েছে। মামলায় দক্ষিণ রাঘবপুর এলাকার মোখলেস প্রামাণিককে (৬৪) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলো রানা, মির্জা, ডালিম, আদেশ, রুবেল, আল-আমিন, মামুন, ডাবলু, রবিন, স্বপন, পিয়াস, আরজুসহ অজ্ঞাত পাঁচজন।
প্রসঙ্গত, পাবনা শহরের অনন্ত মোড়ের সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোবাইকের চাঁদা তোলায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয় মোখলেস প্রামাণিক ও তার ভাই রানা। বাধা দেওয়ার কারণে গত শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা বকুল শেখকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।