চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানীপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব লোহাগাড়া আমিরাবাদ হাজীপাড়া এলাকার সাইফুল ইসলাম (৪০) ও তার ছেলে জাবেদুল ইসলাম (১০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইফুলের স্ত্রী ডলি আক্তার (৩০)।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে দুপুর ১২টার দিকে দোহাজারীর পাঠানীপুল এলাকায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা সাইফুল ও ছেলে জাবেদুলের মৃত্যু হয়। আহত ডলি আক্তারকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া একইদিন সকাল সাড়ে ১১টার দিকে সীতাকু-ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আরাফাত (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই আবুল হাসনাত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় ইয়াছিন আরাফাত সোহাগ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকালে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কালিকাপুর ইমদাদিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে কালিকাপুর ইমদাদিয়া মাদ্রাসা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারী সোহাগের। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জোবায়েরুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।