বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহায়চর এলাকায় মহানন্দা নদী তীরে শহীদ জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত হয়। এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।