করোনাভাইরাস

আগামী ৪ থেকে ৬ মাস সবচেয়ে খারাপ সময় : বিল গেটস

আগামী চার থেকে ছয় মাস করোনাভাইরাস মহামারীর সবচেয়ে খারাপ সময় যাবে বলে সতর্ক করে দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। গত রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘দুঃখজনকভাবে পরবর্তী চার মাস থেকে ছয় মাস হবে মহামারীর সবচেয়ে খারাপ সময়। স্বাস্থ্য পরিমাপ ও মূল্যায়ন সংস্থার পূর্বাভাস বলছে আরও ২ লাখের বেশি মানুষের মৃত্যু হবে। তাই মাস্ক ব্যবহারসহ অন্যান্য নিয়মগুলো মেনে চললে একটি বিশাল সংখ্যক মৃত্যু হয়তো আমরা এড়াতে পারব। আমি ভেবেছিলাম যুক্তরাষ্ট্র এটি আরও ভালোভাবে সামাল দিতে পারবে।’

তিনি বলেন, ‘যখন আমি ২০১৫ সালে পূর্বাভাস দিয়েছিলাম তখন বলেছিলাম, (মহামারীতে) মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। অতএব মৃত্যু ঘটানোর ক্ষেত্রে ভাইরাসটি এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরও মারাত্মক হতে পারে। তবে যে বিষয়টি আমাকে অবাক করেছে তা হলোÑ যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি আমার পূর্বাভাসের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে।’

ভ্যাকসিন গবেষণার জন্য বিল গেটস ও তার প্রতিষ্ঠান বিশাল অংকের অর্থ ব্যয়

করছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা খুবই দ্রুততার সঙ্গে কাজ করছি। সিইপিআই নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অংশীদার হিসেবে কাজ করছি যা যুক্তরাষ্ট্র সরকারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ অর্থ দানকারী। অতএব লক্ষণ, থেরাপি ও ভ্যাকসিন সম্পর্কে আমরা জানি বিজ্ঞান এখন কোথায় আছে। আমরা জানি কীভাবে টুকরোগুলো একসঙ্গে জড়ো করতে হবে। তাই সংক্রামক ব্যাধির ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, যেটি সাধারণত উন্নয়নশীল দেশের সঙ্গেই সম্পৃক্ত, তা এখন সংকট মোকাবিলায় সারা বিশ্বের ওপর প্রয়োগ করা হবে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ আদেশের মাধ্যমে অন্যান্য দেশের আগে আমেরিকায় ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার দিয়েছেন। এ প্রসঙ্গে বিল গেটসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সব মানুষকে সহায়তা করা। আমরা চাই বিশ্ব অর্থনীতি চালু থাকুক। আমরা চাই সর্বনিম্ন সংখ্যক মৃত্যু।