৯ ঘণ্টার অনশনে ভারতের কৃষকরা

পাস হওয়া বিতর্কিত তিন কৃষি আইন বাতিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে চাপে ফেলতে গতকাল সোমবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন দেশটির বিক্ষোভরত কৃষকরা। টানা বিক্ষোভের ১৯তম দিন সোমবার সকাল ৮টা থেকে কয়েক লাখ কৃষক ভারতজুড়ে এই অনশন শুরু করেন এবং বিকাল ৫টায় তা শেষ হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মিডিয়া।

ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনুমতি দিয়েছে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুন্ন হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলোর। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে। নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচি পালন করছে দেশটির লাখ লাখ কৃষক। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সমঝোতা করতে সরকারের একাধিক বৈঠক হলেও কোনো সমাধান বের হয়নি।

দর্শন পাল নামের এক কৃষক নেতা বলেন, আজ আমরা ভারতের সব জেলায় বিক্ষোভের ডাক দিয়েছি। বিভিন্ন কৃষক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে অনশন পালন করবেন। সরকার যদি আবার আলোচনায় বসার আহ্বান জানায় তাহলে তারা ইতিবাচকভাবেই বিবেচনা করবেন।

গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিলেন কৃষকরা। এর আগে জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছিল। কৃষকদের রাজধানী দিল্লির প্রবেশপথ অবরোধ করার মধ্য দিয়ে টানা বিক্ষোভের সূচনা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সোমবার অনশন কর্মসূচি পালন করে কৃষকদের প্রতি সমর্থনের হাত বাড়িয়েছেন। নিজ দলের সমর্থকদের বিক্ষোভে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।