হাওরে জমি দখলের চেষ্টা মদনে সংঘর্ষে আহত ২৫

নেত্রকোনার মদন উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনে গুইংগাজানি (আইনবিল) হাওরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন সুজন (৩১), নূর মিয়া (৫০), আবুল কালাম (৩৫), হেলাল (৩০), জিকুল মিয়া (৩৫), কালাচান (৬০), আশিক ও আক্কাস। আহত অন্যরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। তাজুল ইসলামের পক্ষের মানিক মেম্বার গুইংগাজানি হাওরে ১ একর ৪৫ শতাংশ জমিতে গত চার দিন আগে বোরো ধান রোপণ করেন। এতে ক্ষিপ্ত হয় রহিছ মিয়ার পক্ষের লোকজন। গতকাল সকালে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মদন থানার পুলিশ গিয়ে উত্তেজনা নিরসনে সমাঝোতা করে ফিরে আসে।

পুলিশ ফিরে আসার পরপরই দুপুরে রহিছ মিয়া পক্ষের প্রায় শতাধিক লোক দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে ধান রোপণ করা জমি নষ্ট করে তাদের দখলে নিতে চেষ্টা করে। এতে মানিক মেম্বারের লোকজন বাধা দিলে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, উত্তেজনা নিরসনে কাজ করে ফেরার পর সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।