চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি কমিউনিটি সেন্টারের ফলস ছাদ ধসে মহিদুল হাওলাদার (৪৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে বাবুর্চির সহকারীও গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে নগরীর বাহির সিগন্যাল এলাকায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, প্যারাডাইস কমিউনিটি সেন্টারে রান্না করার জন্য তার দিয়ে একটি ফলস ছাদ তৈরি করা হয়। রান্নার কাজ করার সময় ছাদটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখান থেকে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয় এবং বাবুর্চির সহকারীকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার দেশ রূপান্তরকে বলেন, কমিউনিটি সেন্টার থেকে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।