বেসরকারি উদ্যোগে সর্ববৃহৎ আর্ট ক্যাম্প রূপায়ণের

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার বেসরকারি উদ্যোগে দেশের সর্ববৃহৎ আর্ট ক্যাম্পের আয়োজন করেছে রূপায়ণ গ্রুপ। নারায়ণগঞ্জের ভূইগড়ে  গ্রুপটির নির্মিত দেশের প্রথম স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প রূপায়ণ টাউনে আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী। তাদের চিত্রকর্মে উঠে আসে জাতীয় পতাকা, শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মহান মুক্তিযুদ্ধের সময় গ্রামীণ পটভূমি। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, নির্বাহী পরিচালক (বিক্রয়) এহসানুর রহমান এবং হেড অব মার্কেটিং শওকত আহমেদ।

আর্ট ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়াও রূপায়ণ গ্রুপ আয়োজিত অনলাইন প্রোপার্টি ফেয়ারের আর্ট কম্পিটিশন ও কুইজ কম্পিটিশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আর্ট ক্যাম্প উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান বলেন, রূপায়ণ প্রতিবছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। তবে এবারই আমরা ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় ক্যানভাসে আমরা আর্ট ক্যাম্পের আয়োজন করেছি। শতাধিক শিশুর অংশগ্রহণে একটি বড় ছবি আমরা অঙ্কন করতে পেরেছি। আবাসন সেক্টরে কমিউনিটি লিভিংয়ের যে কনসেপ্ট আমরা ডেভেলপ করেছি তারই প্রতিচ্ছবি এই সমন্বিত চিত্রাঙ্কন।