স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্মূল করব : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই হচ্ছে বিজয় দিবসের প্রত্যয়।’  গতকাল বুধবার বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে না পারলেও আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে।’

তিনি বলেন, ‘আজকে অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক সকল সূচকে আমরা  পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘বিজয়ের ৪৯ বছর পরও আজ স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঝেমধ্যে আস্ফালন করে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা পাকিস্তানিদের পক্ষাবলম্বন করেছিল, দলগতভাবে সেই জামায়াতে ইসলামীকে বিএনপি তাদের জোটসঙ্গী করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে আর দিবানিশি স্বপ্ন দেখে এদেশকে কীভাবে আবার পাকিস্তান, তালেবানি রাষ্ট্র বানানো যায়। এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র রুখতে বিজয়ের এই দিনে আমাদের প্রত্যয়, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করা।’